নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। কলকাতা থেকে দেশে আনার পর ঢাকায় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।
৪৮ বছর বয়সী রোটন শনিবার সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ছয় দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
রোটনের মরদেহের সঙ্গে থাকা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাজরুল হক অনু জানান, রোববার ভোর ৪টার দিকে তাঁরা কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বেনাপোল থেকে আরেকটি অ্যাম্বুলেন্সে মরদেহ ঢাকায় নেওয়া হবে।
কলকাতায় অবস্থানরত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার বলেন, রোববার দুপুরের পর রোটনের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রামের রাউজানে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি।
রোটনের এক বছর বয়সী যমজ ছেলে রয়েছে।

