সুপ্রভাত ডেস্ক>> চট্টগ্রামের রাউজানে খড়ের গাদার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের দক্ষিণ রাউজান এলাকার জুরুরকুল বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
‘জুরুরকুল বাজার এলাকায় কালু মিয়ার খড়ের গাদার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।’
পরে অস্ত্র ও কার্তুজগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

