চট্টগ্রাম নগরের স্কুলকেন্দ্রিক যানজট কমাতে ছুটির সময় শ্রেণিভেদে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস) ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে স্কুলবাস কেনার উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানায় স্কুল দুটির প্রতিনিধিরা।
এর আগে স্কুল দুটির যানজট পরিস্থিতি পরিদর্শন করে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা দিয়েছিল সিডিএ। পরে কয়েক দফা বৈঠকের ধারাবাহিকতায় এ ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্কুল দুটির প্রতিনিধিরা জানান, দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে যানজট কমাতে প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন আনা হবে। একই সঙ্গে শ্রেণিভেদে ছুটির সময় আলাদা করা হবে।
বর্তমানে একই সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছুটি হলে অভিভাবকদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার কারণে যানবাহনের চাপ বাড়ে। ছুটির সময় আলাদা করা হলে সেই চাপ কমবে বলে আশা করছে চউক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে স্কুলবাস কেনার বিষয়েও সম্মত হয়েছে প্রতিষ্ঠান দুটি। এর ফলে বিদ্যালয়ের সামনে অভিভাবকদের গাড়ির চাপ কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত আরও সুশৃঙ্খল করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে চউক।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরের যানজট কমাতে হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, “পূর্ববর্তী পরিদর্শনের সময় আমরা তাদের যানজট নিরসনে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলাম। তাঁরা সেসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন।”
বেলায়েত হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর সহযোগিতা এবং নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্কুলকেন্দ্রিক যানজট কমিয়ে নগরের সামগ্রিক যান চলাচলে শৃঙ্খলা আনা সম্ভব হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় ও তদারকি অব্যাহত থাকবে।

