নিজস্ব প্রতিবেদক >>
নগরের যানজটের অন্যতম হটস্পট জিইসি মোড়ে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জিইসি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোর সংলগ্ন ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবন এবং সড়কের অপর পাশে সিটি করপোরেশন ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং কমপ্লেক্স পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা ও ফুটপাত দখলসহ নানা অনিয়ম ধরা পড়ে। সেন্ট্রাল প্লাজা কর্তৃপক্ষ জানায়, তাদের কমপ্লেক্সে তিনটি মার্কেট রয়েছে। তবে অভিযানের সময় কোনো মার্কেট কর্তৃপক্ষই চউক অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরে সংশ্লিষ্ট সবাইকে ৭ দিনের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে অথরাইজড অফিসারের সাথে দেখা করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের অননুমোদিত সাইনবোর্ড এবং ফুটপাত দখল করে রাখা দোকানের বর্ধিত অংশ ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়।
পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “জিইসি মোড় নগরের যানজটের অন্যতম হটস্পট। এখানে বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি পথচারীদের চলাচলের পথ দখল করে দোকানের মালামাল রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ প্রথমবারের মতো আমরা পরিদর্শনে এসেছি। তাই প্রাথমিকভাবে সতর্ক করে সাত দিনের সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টদের অনিয়ম সংশোধন করে নিতে হবে। তা না হলে চউকের ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।”

