সাগরে যাওয়ার উপায় নেই, ঘরেও কাজ নেই। মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে সরকারি ২৫ কেজি চালের অপেক্ষায় মহেশখালীর জেলেরা। কিন্তু জেলে তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে কালারমারছড়া ইউনিয়নের ২৫০ জনের চাল আটকে গেছে। পুরো উপজেলায় সাগর ও উপকূলনির্ভর জেলে ১০ হাজারের বেশি হলেও সরকারি তালিকায় আছেন ৬ হাজার ৫০০ জন।
মৎস্য দপ্তর বলছে, তালিকা থেকে মৃত জেলে, একই ব্যক্তির একাধিক নাম ও অ-জেলেদের বাদ দিতে যাচাই করা হচ্ছে। তবে জেলেদের অভিযোগ, এই প্রক্রিয়ায় প্রকৃত জেলেরাও বাদ পড়ছেন। ফলে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা পাওয়ার যোগ্যদের তালিকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এবার মহেশখালীর ৬ হাজার ৫০০ নিবন্ধিত জেলের জন্য ১৬২ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জনপ্রতি ২৫ কেজি হারে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণও শুরু হয়েছে। তবে যাচাই শেষ না হওয়ায় কালারমারছড়ার ২৫০ জেলের বরাদ্দ ছাড় হয়নি।
কালারমারছড়ার জেলেদের দাবি, ইউনিয়নে প্রকৃত জেলের সংখ্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০। গত বছর সরকারি সহায়তা পেয়েছিলেন ৯৫০ জন। এবার যাচাইয়ের কারণে অনেক প্রকৃত জেলের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে তাঁদের অভিযোগ।
১৫ বছর ধরে সাগরে মাছ ধরেন মোহাম্মদ হোসেন। জেলে কার্ডও ছিল তার। কিন্তু এবার যাচাইয়ের কথা বলে নাম আটকে রাখা হয়েছে। তিনি বলেন, যাচাই কখন শেষ হবে, চাল কখন পাব জানি না। বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি।
জেলে মনির উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ সৌরভি বলেন, তার স্বামী এখন সাগরে যেতে পারছেন না, ঘরেও কোনো কাজ নেই। ‘২৫ কেজি চাল পেলে ১৫ দিন চলে। সেটাও যদি না পাই, তাহলে কী খাব?’
কালারমারছড়া ইউনিয়ন জেলে সমিতির সভাপতি আমির হোছাইন বলেন, প্রকৃত জেলের সংখ্যা ১ হাজার ২০০-এর বেশি, প্রায় ১ হাজার ৪০০ হবে। তাঁর অভিযোগ, তালিকায় অনেক প্রকৃত জেলের নাম নেই, আবার মাছ ধরেন না এমন ব্যক্তিরাও রয়েছেন।
‘ইউপি সদস্য ও মৎস্য অফিস সরেজমিনে গিয়ে নৌকা-জাল আছে কি না দেখে তালিকা করুক। স্থগিত ২৫০ জেলের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত দরকার,’ বলেন তিনি।
কালারমারছড়ার জেলে আবু বক্কর বলেন, নিষেধাজ্ঞার সময়ে সরকার যে চাল বা রেশন দেয়, তা পর্যাপ্ত নয়। এর মধ্যে প্রকৃত জেলেরাই অনেক সময় জেলে কার্ড পান না। সরেজমিনে যাচাই করে প্রকৃত জেলেদের কার্ড ও রেশন দেওয়ার দাবি জানান তিনি।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলে তালিকা হালনাগাদের কাজ চলছে। একই ব্যক্তির একাধিক নাম, মৃত জেলে ও অ-জেলেদের বাদ দিতে গিয়ে কিছু নাম যাচাইয়ের জন্য রাখা হয়েছে। যাচাই শেষ হলে তাদের বরাদ্দ ছাড় করা হবে।
জেলেদের দাবি, কাগজে-কলমে নয়, নৌকা-জাল দেখে সাগরপাড়ে সরেজমিনে যাচাই করেই তালিকা চূড়ান্ত করা হোক।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, তালিকার বাইরে থাকা প্রকৃত জেলেদের পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। কালারমারছড়ার ২৫০ জেলের বিষয়টিও যাচাই শেষে দ্রুত নিষ্পত্তি করা হবে, যাতে প্রকৃত জেলেরা বঞ্চিত না হন।

