নিজস্ব প্রতিবেদক>>চট্টগ্রাম নগরের কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।
শনিবার কর্নার দুটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় এগুলো স্থাপন করা হয়েছে।
উদ্বোধনকালে মেয়র বলেন, মায়েদের স্বস্তি এবং শিশুদের নিরাপদ ও নির্বিঘ্নে মাতৃদুগ্ধপানের সুযোগ নিশ্চিত করতে নগরের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের কর্নার প্রয়োজন।
তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। তাঁদের মধ্যে অনেক মা শিশুদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন। উপযুক্ত ও নিরিবিলি পরিবেশ না থাকায় অনেক সময় তারা সন্তানকে বুকের দুধ পান করাতে পারেন না।
“মায়েদের এই সমস্যার কথা বিবেচনা করেই সেখানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে,” বলেন মেয়র।
চিকিৎসক হিসেবে ডা. শাহাদাত বলেন, শিশুর জীবনের প্রথম ছয় মাস মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের দুধে থাকা পুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়ক উপাদান শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভূমিকা রাখে।
জনসম্মুখে শিশুকে বুকের দুধ পান করাতে অনেক মা অস্বস্তিবোধ করেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনের সময় শিশুকে মাতৃদুগ্ধপানের সুযোগ নিশ্চিত করতে নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।
মেয়র বলেন, সুস্থ ও নিরাপদ নগর গড়তে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়, নাগরিকদের প্রয়োজনীয় মানবিক সেবাও নিশ্চিত করতে হবে।
তিনি জানান, কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, পতেঙ্গাসহ নগরের আরও গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
### এক মাসে ১৩৫ মা সেবা নিয়েছেন
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিয়াউল হক পলাশ জানান, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারটি চালুর প্রায় এক মাসে ১৩৫ জন মা সেবা নিয়েছেন।
এতে নগরে এ ধরনের সেবার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পলাশ বলেন, কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। তাঁদের মধ্যে অনেক মা শিশুদের নিয়ে আসেন। কর্নারটির নির্মাণকাজ চলার সময়ও মায়েদের জন্য এমন একটি জায়গার প্রয়োজনীয়তা সামনে আসে।
নির্মাণকাজে যুক্ত ব্যক্তিদের বরাত দিয়ে তিনি বলেন, অনেক মা শিশুদের নিয়ে এসে সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য কয়েক মিনিটের জন্য জায়গা দেওয়ার অনুরোধ করতেন। এমনকি নির্মাণকাজ চলার সময়ও কেউ কেউ সেখানে এসে শিশুকে দুধ পান করিয়েছেন।
“এই ঘটনা থেকেই বোঝা যায়, মায়েদের জন্য এমন একটি নিরাপদ ও নিরিবিলি জায়গার কতটা প্রয়োজন ছিল,” বলেন পলাশ।
পতেঙ্গা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ নগরের আরও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জিয়াউল হক পলাশ, Foodi Express Limited-এর সিইও মো. শাহনেওয়াজ মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

