ছুটি পেলেই মায়ের সাথে চলি মামার বাড়ি,
খেয়া নৌকায় চড়ে বসি চিত্রা দিতে পাড়ি।
বৈঠা টানার সাথে সাথে শব্দ ছলাৎ ছোটে,,,
বুকের মাঝে খুশির কাঁপন বারেবারে ওঠে।
পরাণ জুড়ায় দরাজ গলার মাঝির সুর ও গানে,
মন ছুটে যায় কল্পলোকের কোন্ সুদূরের টানে।
তীরে যখন ভিড়ায় তরী দাঁড়াই গিয়ে ঘাটে,
তাকিয়ে দেখি খেলছে খেলা একটু দূরের মাঠে।
ইচ্ছে জাগে খালি গায়ে ওদের সাথে নামি,
কিন্তু মায়ের বকার ভয়ে এক নিমেষেই থামি।
চড়ব না আজ যানবাহনে যাবই হেঁটে হেঁটে,
মা রাজি নয়, কারণ তখন ভীষণ খিদে পেটে।
চড়তে হলো ভ্যান গাড়িতে, চলছে বটে ধীরে,
দেখছি সবুজ পাতার গাছে গ্রাম রেখেছে ঘিরে।
চোখ জুড়ানো অপরূপা দৃশ্য দেখে দেখে,
মন তুলিতে রং লাগিয়ে নিলাম ছবি এঁকে।

