চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিকিৎসকদের প্রশিক্ষণমূলক সেশন করেছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার সকালে হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক রোগ নিয়ে কুসংস্কার ও সংকোচ দূর করতে হবে। সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে অনেক মানসিক রোগের চিকিৎসা সম্ভব।
দুপুর সাড়ে ১২টায় মেডিকেল এডুকেশন ইউনিটের উদ্যোগে এবং সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে লেকচার হল-১-এ ‘স্ট্রেস আনপ্লাগড: ডিকোডিং দ্য মাইন্ড-বডি কানেকশন’ শীর্ষক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপ দত্ত। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহা. শেখ শহিদ উল্লাহ।
সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সুরজিৎ রায় চৌধুরী। আলোচনায় অংশ নেন চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. অলভিন সাহা, ফিজিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মানিক চন্দ্র নাথ এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উজ্জ্বল কান্তি দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. পুলক বিশ্বাস। সেশনে মানসিক চাপের সঙ্গে শরীর ও মনের সম্পর্ক এবং চাপ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা হয়।

