চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি মাদক স্পটে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝর্ণা আক্তার (৩৪) ও মো. কামরুল (৪০)।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এপিবিএন ষোলশহরের পরিচালিত এ অভিযানে ২৭টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিটটি।

