চকরিয়া প্রতিনিধি >>
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা অংশে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন ও ছয়টি পাইপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দরপাড়া সংলগ্ন মাতামুহুরী নদী ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. শফিউল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সেকান্দরপাড়া এলাকায় শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে ওই এলাকায় নদীভাঙন বেড়ে যাওয়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের শতাধিক বসতঘরসহ নদীতীরবর্তী কৃষিজমি, গ্রামীণ সড়ক ও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন ও ছয়টি পাইপ জব্দ করা হয়।
অভিযানকালে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আবুল মনসুর, আদালতের পেশকার সৈকত রুদ্র ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিকেলে চকরিয়া পৌরশহরে পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চিরিঙ্গা সোসাইটি জামে মসজিদ সংলগ্ন সড়কের ওপর অবৈধভাবে সিএনজির লাইন বসিয়ে যানজট সৃষ্টির দায়ে ইসমাইল নামের এক সিএনজি লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম বলেন, “নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে শহরের শৃঙ্খলা রক্ষায় যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

