মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞাকে সামনে রেখে ইতোমধ্যে সাগরে থাকা মাছ ধরার বোট ও ট্রলারগুলো উপকূলীয় ঘাটে ফিরতে শুরু করেছে।
নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে চট্টগ্রামের ফিশারী ঘাট ও উপকূলীয় বিভিন্ন মাছঘাটে ফিরতে শুরু করেছে সাগরে মাছ ধরতে যাওয়া বোট ও ট্রলার। দীর্ঘদিন সাগরে অবস্থান করা জেলেরা নিজেদের বোট ও মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে ঘাটে ফিরছেন।
নিষেধাজ্ঞা শুরু হলে সাগরে মাছ ধরার সুযোগ না থাকায় জেলেদের বড় একটি অংশকে ২২ দিন বেকার থাকতে হবে।
তবে জেলেরা বলছেন, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে নদী ও সাগরে ইলিশের উৎপাদন বাড়বে। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সময়ে সরকারিভাবে বরাদ্দ করা সহায়তা প্রকৃত জেলেদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেলে পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন বাড়ে। এ কারণেই প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ আহরণ বন্ধ রাখা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সময় ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, মা ইলিশ রক্ষায় শুধু সরকারি অভিযান নয়, জেলে, মাছ ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
নিষেধাজ্ঞা সফল করতে চট্টগ্রামের উপকূলীয় এলাকা, মাছঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে নজরদারি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান পরিচালনার উদ্যোগ রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে সাগর বা নদীতে মাছ ধরলে এবং নিষিদ্ধ সময়ে ইলিশ পরিবহন, মজুত, কেনাবেচা বা বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফিশারি ঘাটের জেলে হরি ধন জানান, বছরের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, সাগরে মাছের সংকট এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের আয়-ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ২২ দিনের নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ থাকায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়তে পারে।
তাদের দাবি, নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি নিবন্ধিত প্রকৃত জেলেদের সরকারি খাদ্য ও অন্যান্য সহায়তা দ্রুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে যাতে কোনো অসাধু ব্যক্তি অবৈধভাবে মাছ শিকার করতে না পারে, সেদিকেও কঠোর নজরদারি প্রয়োজন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার ২২ দিন সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি অবৈধ শিকার ঠেকাতে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে। এতে একদিকে মা ইলিশ রক্ষা পাবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।

