মা সামনে বসে আছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সন্তানেরা, নিচ্ছেন আশীর্বাদ। মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের এমন ব্যতিক্রমী আয়োজন দেখা গেল খাগড়াছড়িতে। শুভ মহালয়া উপলক্ষে প্রথমবারের মতো জীবিত মায়ের পূজার আয়োজন করেছে সনাতন ছাত্র-যুব পরিষদ।
শনিবার সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক মা ও সন্তান অংশ নেন। সন্তানরা মায়ের আশীর্বাদ নেন, আর মায়েরা সন্তানদের মঙ্গল কামনা করেন।
আয়োজকরা বলছেন, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সন্তানদের মধ্যে মাতৃভক্তি ও দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।
জীবিত মায়ের পূজায় অংশ নেওয়া তীর্থ রাজ ভট্টাচার্য্য বলেন, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এমন আয়োজন প্রশংসনীয়। এটি সন্তানদের মায়ের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে এবং ভালো পথে চলতে উৎসাহিত করবে।
পুষ্পিতা দাশ বলেন, মায়ের প্রতি ভালোবাসা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জীবিত অবস্থায় মাকে সম্মান করা, তাঁর যত্ন নেওয়া এবং তাঁর আশীর্বাদ নিয়ে চলা প্রতিটি সন্তানের দায়িত্ব।
পূজায় অংশ নেওয়া মা নমিতা দেরও ভালো লেগেছে সন্তানদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে। সন্তানদের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছেন তিনি। তাঁর আশা, এ ধরনের উদ্যোগ মা ও সন্তানের সম্পর্ক আরও দৃঢ় করবে।
মা শেলী রাণী বলেন, সন্তানরা যেন মাকে সম্মান করে, ভালোবাসে এবং সৎ পথে চলে—এটাই তাদের প্রত্যাশা। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মহালয়া পূজা উদযাপন কমিটির সদস্যসচিব বিজয় দেব বলেন, পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনার দিনে এ আয়োজনের মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির বার্তা ছড়িয়ে দিতে চান তাঁরা। জীবিত মাকে ভালোবাসা ও সম্মান করার মধ্য দিয়ে সন্তানদের মধ্যে নৈতিকতা বাড়বে এবং তারা অন্যায় থেকে দূরে থাকবে বলে আশা তাঁর।
এর আগে সকালে চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আহ্বানমন্ত্রের মধ্য দিয়ে মন্দিরে মহালয়ার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবীর চরণে ১০৮টি পদ্মফুল অর্পণ করে পূজা-অর্চনা করেন ভক্তরা। নিজেদের ও পরিবারের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা।

