সুপ্রভাত ডেস্ক >>
আন নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ সাইফুল আজম আযহারী বলেছেন, পৃথিবীর মানুষ আজ শান্তি ও মুক্তির সন্ধানে ছুটছে। কিন্তু সর্বত্রই বিরাজ করছে অস্থিরতা ও মানসিক হাহাকার। এ অবস্থা থেকে মুক্তি পেতে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। এর মাধ্যমেই জনজীবনে শান্তি ফিরে আসবে এবং একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ বিশ্বসমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত কনভেনশন হলে আন নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত ‘আন নূর মাওলিদ সেলিব্রেশন’-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আজম আযহারী বলেন, আমেরিকা, ইউরোপসহ পৃথিবীর কোথাও আজ মানুষ দুদণ্ড শান্তি ও স্বস্তিতে নেই। পাশ্চাত্য ও প্রাচ্যের মানুষ হন্যে হয়ে শান্তি ও মুক্তি খুঁজছে। সবাই শান্তি ও মুক্তি চাইলেও বাস্তবে শান্তি অধরা। মহানবী (দ.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই মানুষ এই অস্থিরতা ও অশান্তি থেকে মুক্তির পথ খুঁজে পাবে।
মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিশ্বখ্যাত ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী। না’তে রাসূল (দ.) পরিবেশন করেন প্রখ্যাত নাতখাঁ মুহাম্মদ নূরুল মুস্তফা খসরু।
নির্ধারিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, ড. নুরুন্নবী আযহারী, সৈয়দ সাইফুল ইসলাম বারী, মিশকাতুল ইসলাম কাদেরী ও সৈয়দ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান, সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ড. মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, শাহজাদা কাযী আবুল ফোরকান হাশেমী, শাহজাদা জিল্লুল করিম কুতুবী, শাহজাদা সৈয়দ এহসানুল করিম ইছাপুরী, সৈয়দ মাসুম কামাল আযহারী, শাহজাদা মুশকিল কোশা আমিরী, পীরজাদা মনিরুল কুদ্দুস আকবরি, সৈয়দ ইকতিশাত কুদ্দুস আকবরি, আলতাফ হোসাইন আজহারী, আলহাজ্ব নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ ফাহিম, খন্দকার নাজমুল ইসলাম, আকরাম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী।

