নিজস্ব প্রতিনিধি, পটিয়া>> পটিয়ায় মন্দিরে টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দত্ত পাড়া এলাকার কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে।
মিজানুর খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
খরনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম জানান, সকালে কৃষ্ণ মন্দিরে টাইলস বসানোর কাজ করছিলেন মিজানুর। কাজের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল করিম বলেন, সকালে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

