সুপ্রভাত ডেস্ক>> পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ নিন্দা জানান।
বিবৃতিতে হেফাজতের দুই নেতা বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের ঈমানি কেন্দ্রবিন্দু। পবিত্র হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ‘চরম উসকানিমূলক পদক্ষেপ’।
রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে কাবা শরিফ ও মক্কা নগরীকে টেনে আনা ‘জঘন্য অপরাধ’ বলেও মন্তব্য করেন তারা।
মক্কাকে লক্ষ্য করে হামলার চেষ্টায় বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত লেগেছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, এ ধরনের ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যায় না।
পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
একই সঙ্গে ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইয়েমেনসহ পুরো মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির ও মহাসচিব।

