আমরা কমবেশি সবাই নিজের লেখা পাঠকপ্রিয় হোক, তা প্রত্যাশা করি। কিন্তু কখনো ভেবে দেখেছি কি, কেন আমার লেখাটি তাঁরা পড়বে? কেন লেখাটি পাঠকপ্রিয়তা পাবে? একটি লেখা পাঠকপ্রিয় হতে ভাবের সৌন্দর্য বেশি প্রয়োজন, নাকি ভাষার সৌন্দর্য? এই দ্বন্দ্ব আমাদের সবারই থাকে। তবে সবাই এসব বিবেচনা করি না। ফলে অনেক ভালো লেখাও পাঠকের কাছে পৌঁছায় না; সময়ের সঙ্গে লেখকও বিস্মৃত হয়ে যান।
পাঠককে আকৃষ্ট করার জন্য অনেক লেখক অনেক রকম কৌশল অবলম্বন করে থাকেন। কেউ যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে সমকালীন বিষয়ে লেখেন, কেউ নতুন ভাব তৈরি করেন, আবার দেখা যায়, কেউ কেউ ভাষাগত পরিবর্তন আনেন।
বলা যায়, সাহিত্যের আলাদা কোনো ভাষা নেই, কিন্তু ভাষার আলাদা ভাব, চয়ন ও সৌন্দর্য আছে। আজকের দিনে এসে মধ্যযুগীয় ভাষায় লিখলে তা কখনোই লেখার শিল্প নয়। যুগে যুগে প্রত্যেক প্রতিষ্ঠিত কবিই চেয়েছেন সহজ ও মার্জিত ভাষায় নিজের লেখা পাঠকের কাছে উপস্থাপন করতে। লেখার সহজ ভাষায় জটিল বিষয় উপস্থাপন করাটাই সাহিত্য।
চেক ভাষাবিজ্ঞানী ইয়ান মুকারোভস্কি বলেছিলেন, ‘কবিতার ভাষা ভাষার একটা নর্ম থেকে সরে যায়, সরে যায় সৌন্দর্যসৃষ্টির কতকগুলি বিশেষ প্রকরণ সমাধা করার জন্য। স্ট্যান্ডার্ড ভাষাই সেই নর্ম।’ বর্তমানে অনেকে হয়তো একেই সাহিত্যের ভাষা বলে চিহ্নিত করেন। কিন্তু আদতে তা কেবলই ভাষার একটি মার্জিত গঠন, আলাদা কোনো ভাষা নয়।
যাঁরা সাহিত্যের ভাষাকে আলাদা পরিচয় দেন, তাঁদের কাছে প্রশ্ন, ‘সাহিত্যিক ভাষা নামে আলাদা কিছু আদৌ আছে কি?’ মৌলিকভাবে বলতে গেলে, আমি বলব সাহিত্যের আলাদা কোনো ভাষা নেই। আমরা যা বলি, তার উত্তম গঠনই হচ্ছে সাহিত্য, সাহিত্যের ভাষা। সাহিত্যিক ভাষা হলো কোনো ভাষার সাহিত্যিক প্রয়োগের একটি বিশেষ রীতি; এটি সেই ভাষার বাইরে পৃথক কোনো ভাষা নয়।
ভাষার গতিশীলতার কারণে একেক সময় ভাষার একেক রকম অবস্থান ছিল। সহজ উচ্চারণের মাধ্যমে ভাষার পরিবর্তন হয় বলে যুগের পরিবর্তনকালে ভাষার ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রাচীন যুগের ভাষার সঙ্গে বর্তমানের ভাষার আকাশসম তফাৎ। মধ্যযুগের চেয়ে বর্তমান ভাষা পরিমার্জিত ও সহজ। তাই আমাদের কাছে মনে হয়, মধ্যযুগীয় এবং প্রাচীন ভাষা অনেক কঠিন ছিল। আবার এমনও হতে পারে, আজকের এই ভাষায় ভবিষ্যতে কোনো সময়ে দারুণ পরিবর্তন আসবে। তখন আজকের এই ভাষাকে তারা দুর্বোধ্য মনে করবে।
যে লেখকেরা ভাষার উক্ত সৌন্দর্য ও মার্জিত রূপকে সাহিত্যের আলাদা ভাষা হিসেবে পরিচিতি দিচ্ছেন, তা কি আদৌ সঠিক বিবেচনায় আনা হয়েছে? পাঠকের ওপর পূর্ববর্তী যুগের দুর্বোধ্য ভাষারীতি চাপিয়ে দিয়ে সেটিকে সাহিত্যিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা সমীচীন নয়। দুর্বোধ্য লেখা সান্ত্বনা হতে পারে, সাহিত্য নয়। ভাষার গতিশীলতা আজকের সহজ ভাষাকে আগামীকাল কঠিন করে তুলবে, এটাই স্বাভাবিক নিয়ম। মধ্যযুগীয় ভাষা আজকের সাহিত্যভাষা হতে পারে না। যারা পাঠকের মাথায় এভাবে কাঁঠাল ভাঙেন, তাঁরা মূলত ভাষাকে সামনে নয়, বরং পেছনে নিয়ে যেতে চান!
সময়ের পরিবর্তন, মানুষের কর্মব্যস্ততা এবং জীবনের নানা বাস্তবতার কারণে বর্তমান পাঠকসংখ্যা কমেছে। এর মধ্যেও বাস্তবতাকে ধারণ করতে গিয়ে মানুষ সাহিত্যের দিকে ঝুঁকেছে। অথচ এই বৈপরীত্যের মধ্যেই তৈরি হয়েছে এক ধরনের পাঠকসংকটগ্রস্ত সাহিত্যসমাজ! মানুষের সময় কমেছে, লেখার গঠন ছোট হয়েছে। পত্রিকায় বড় বড় অক্ষরে বিজ্ঞপ্তি দেওয়া হয়, এত এত শব্দের মধ্যে লিখতে হবে, এত এত পঙ্ক্তির মধ্যে লিখতে হবে। অবশ্য সাহিত্যের এমন করুণ সময়ে কিছু পত্রিকা এখনো আছে, যেগুলো লেখায় সীমাবদ্ধতা রাখেনি; লেখক যেখানে থামেন, সেখানেই লেখা শেষ। এই পত্রিকাগুলোকে আমি সাধুবাদ জানাই। গত কুড়ি বছরে সাহিত্যিকগণ যা বলেননি, আজ আমি তা বলব।
বাংলা সাহিত্যে পুরোনো সাহিত্যিক ঐতিহ্যের প্রভাব রয়েছে। সাধুভাষার দীর্ঘ ব্যবহার ছিল বাংলা সাহিত্যে। পরে চলিত রীতি প্রতিষ্ঠিত হলেও আগের ধারণাটি পুরোপুরি বিলীন হয়নি। ফলে অনেকের মনে রয়ে গেছে, সাহিত্যের ভাষা বুঝি সাধারণ মানুষের মুখের ভাষার চেয়ে আলাদা কোনো পরিশীলিত ভাষা। অথচ চলিত ভাষাই সাহিত্যের অন্যতম প্রধান উপাদান; কিন্তু সাহিত্যিক প্রয়োজনে সেটি নির্বাচিত, পরিশীলিত ও শিল্পিত হয়ে ওঠে। সাহিত্যের মর্যাদা তার দুর্বোধ্যতায় নয়, তার শিল্পে। সাহিত্যিক ভাষার মূল্য তার অপরিচিতিতে নয়, তার প্রকাশক্ষমতায়। পাঠককে অভিধান হাতে নিয়ে লেখকের দরজায় দাঁড় করানো সাহিত্যিকতার প্রমাণ নয়।
এবার আসি, কেন মানুষ আপনার লেখাটি পড়বে? কীভাবে পাঠকপ্রিয় হবে? লেখক যদি এমন কিছু বলেন, যা পাঠক নিজে অনুভব করেছেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেননি, তখন লেখাটি পাঠকের কাছে বিশেষ হয়ে ওঠে।
ভাষা সহজ, কিন্তু সাধারণ নয়। সহজ ভাষা মানে সাদামাটা ভাষা নয়। ভালো লেখায় ভাষা স্বাভাবিক, পরিষ্কার, অর্থবহ ও সৌন্দর্যমণ্ডিত হয়। পাঠককে প্রতিটি বাক্যের অর্থ উদ্ধার করতে অভিধানে যেতে হলে পড়ার স্বচ্ছন্দতা নষ্ট হয়। অপ্রয়োজনীয় কথা বাদ দিতে হবে। একটি ছোট গল্প, কবিতা বা প্রবন্ধও গভীর হতে পারে। যে বাক্যটি লেখার প্রয়োজন মেটায় না, সেটি বাদ দেওয়ার সাহসও লেখকের থাকতে হয়।
পাঠককে সম্মান করতে হবে। লেখক যদি মনে করেন, ‘আমি কঠিন লিখব, পাঠক বুঝতে না পারলে তার সমস্যা’, তাহলে পাঠকের সঙ্গে দূরত্ব তৈরি হয়। লেখকের কাজ হলো জটিল ভাবকে সহজ ও শিল্পিতভাবে প্রকাশ করা।
তবে পাঠকপ্রিয় লেখার জন্য শুধু সুন্দর ভাব যথেষ্ট নয়, শুধু সুন্দর ভাষাও যথেষ্ট নয়। প্রয়োজন ভাবের মৌলিকতা, ভাষার স্বচ্ছতা, প্রকাশের শিল্প এবং পাঠকের অভিজ্ঞতার সঙ্গে সংযোগ। তাই লেখায় জটিলতা ও দুর্বোধ্যতা এড়ানো উচিত।
মধ্যযুগে ভাষার যে অবস্থান ছিল, তা আজকের দিনে সাহিত্যের ভাষা ভাবাটাই নির্বুদ্ধিতার পরিচয়। আজকের দিনের চলমান ভাষাতেই সহজবোধ্য প্রকাশ উৎকৃষ্টতার উদাহরণ হতে পারে। নিশ্চয়ই আজকের এই ভাষা আগামী কোনো এক সময়ে আজকের মতো থাকবে না। সাহিত্যও যুগে যুগে ভাষার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভাষার পরিবর্তিত রূপকে ধারণ ও প্রতিষ্ঠা করে।

