মাটির দেয়াল খড়ের চালা
মায়ের নকশীকাঁথা
ছেলেবেলার গান লিখে যায়
গাছের ঝরা পাতা।
দুরন্ত সেই সঙ্গীরা আজ
কোথায় গেছে ভেসে
খেলবি?- বলে রোজ বিকেলে
কেউ ডাকে না এসে!
কানামাছি ডাংগুলি আর
নানান রঙের ঘুড়ি
ডুব সাঁতরে এপাড় ওপাড়
মস্ত বাহাদুরি!
ঘাসফড়িং আর কুঞ্জলতার
সবুজ বনের দোলে
ইচ্ছে করে ফিরতে আবার
তেমনি গাঁয়ের কোলে।
কেমন করে ভুলিস তোরা
ছেলেবেলার স্মৃতি?
মনের ঘরে ঝড় তুলেছে
ব্যথার পরিমিতি!

