সুপ্রভাত ডেস্ক>> বোয়ালখালীতে পাহাড়ের লেবু বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, পাহাড়ে বিচরণ করা মহিষের গুঁতোয় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে একটি লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল মাবুদ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে লেবু বাগানে কাজ করতে যান মাবুদ। সাধারণত বিকেল ৫টার মধ্যে বাড়ি ফিরলেও ওই দিন তিনি ফেরেননি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হয়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, “তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মহিষের গুঁতোয় মাবুদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
“ওই পাহাড়ে কয়েকটি মহিষের পাল লালন-পালন করা হয়। এসব মহিষ অনেক সময় উন্মুক্তভাবে পাহাড়ে বিচরণ করে,” বলেন তিনি।

