চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বুধবার সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর মাইজপাড়া দুদু মিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর পুড়ে যায়। ভুক্তভোগী শাহ আলমের দাবি, তার ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

