মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরের সঙ্গে বাড়ি ছেড়েছিল ১৫ বছর বয়সী আসিফা আক্তার। হাটহাজারীতে ওই কিশোরের সঙ্গে যাওয়ার ১৫ দিন পর মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ওই কিশোরের মা আত্মহত্যার দাবি করলেও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আসিফার মৃত্যুর পর থেকে পলাতক রয়েছেন ১৭ বছর বয়সী ওই কিশোর।
শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার পশ্চিম মির্জাপুরের মনসুরাবাদ, সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসিফা উত্তর ফটিকছড়ির দুই নম্বর দাঁতমারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সুবলছড়ি এলাকার আব্দুল মালেকের মেয়ে। তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা কিশোর ইমরান হোসেন হাটহাজারীর কাটিরহাট এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পেশায় জিপ গাড়ির সহকারী।
ইমরানের পরিবারের ভাষ্য, প্রায় দেড় মাস আগে মুঠোফোনে আসিফার সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরিচয়ের প্রায় এক মাসের মধ্যে আসিফা বাড়ি ছেড়ে ইমরানের বাসায় চলে যায়।
ইমরানের মা নাসিমা আক্তার বলেন, আসিফা ও ইমরান একসঙ্গে বাড়ি ছেড়ে এলেও তাদের বিয়ের কাগজপত্র সম্পন্ন হয়নি। আসিফার পরিবারের কেউ তাদের বাসায় না গেলেও তার খালার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হতো।
নাসিমার দাবি, শুক্রবার সন্ধ্যায় আসিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হান্নান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

