বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা তুলে ধরে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এতে মার্কিন পণ্য, সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে এ আয়োজন করেছে। ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ট্রেড শো।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে। ইউএস ট্রেড শোর মতো আয়োজন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করে।
বাংলাদেশ প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি বাণিজ্য ও বিনিয়োগ। প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যেতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিশেষ করে শিল্পখাতে দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা জোরদারে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। ইউএস ট্রেড শো দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিফলন।
মার্কিন কোম্পানিগুলো বিশ্বমানের পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এসব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণ, বিনিয়োগ উৎসাহিত করা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহী।
অ্যামচেম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, তিন দশক ধরে ইউএস ট্রেড শো মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বাজারের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
এবারের প্রদর্শনীতে বিভিন্ন খাতের মার্কিন পণ্য, সেবা ও প্রযুক্তি স্থান পেয়েছে। এতে দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধিদের নতুন উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি মতবিনিময়, ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।
প্রদর্শনীর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, নারী নেতৃত্ব, বিদেশে বিনিয়োগ, পারস্পরিক বাণিজ্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ধারাবাহিক সেমিনার ও আলোচনার আয়োজন করা হয়েছে। এসব অধিবেশনে নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৩০তম ইউএস ট্রেড শো আগামী ৭ নভেম্বর পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

