নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী>> চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতির অভিযোগে পাঁচজনসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে মাদক ও মামলার পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রোববার সন্ধ্যায় গণ্ডামারা ব্রিজের পাশে কাশবন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেখানে জড়ো হয়ে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি কেক জব্দ করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ হোসেন (৫৫), বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী জাকের আহাম্মদ (৬০), গণ্ডামারা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩) ও এস এম মোজাম্মেল হক (২২)।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আজাদ মিয়া (১৮), যুবলীগ কর্মী জাফর আহাম্মদ (৩২) এবং শীলকূপ ইউনিয়ন যুবলীগ কর্মী জমির উদ্দিন (২৮)।
এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. জালাল (৪৫) এবং বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের সুন্ধীপাড়ার ছৈয়দুল আলমকে (২৫) সিআর মামলার পরোয়ানায় গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে রোববার দিন-রাত পুলিশের একাধিক দল পৃথকভাবে অভিযান চালায়।
“অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী-সমর্থক, মাদক ব্যবসায়ী এবং সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

