নগরের আবাসনের চাহিদা বাড়লেও সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিকল্পিত বাসস্থান নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রতিষ্ঠার ৬৭ বছরে ১২টি আবাসিক এলাকা গড়ে ৬ হাজার ৩৬৪টি প্লট তৈরি ও বরাদ্দ দিয়েছে। এসব প্রকল্পের অনেক প্লটে এখনো বাড়িঘর গড়ে ওঠেনি। এর মধ্যেই ফতেয়াবাদ, বায়েজিদ ও পতেঙ্গায় নতুন তিন আবাসন প্রকল্প নিয়ে এগোচ্ছে সংস্থাটি।
একদিকে পুরনো প্রকল্পে বসতি গড়ার ধীরগতি, অন্যদিকে নতুন প্রকল্পে বিপুল বিনিয়োগ, এই দুই বাস্তবতার মধ্যেই পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে চউক প্রধান কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ও র্যালির মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে চউক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রামের আবাসন সংকট, নগর সম্প্রসারণ, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন এবং পরিবেশবান্ধব নগরায়ণের নানা দিক উঠে আসে।
চউকের উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনছারীর উপস্থাপনায় চট্টগ্রামের ভবিষ্যৎ আবাসন চাহিদার একটি চিত্র তুলে ধরা হয়। জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ, আবাসন ঘাটতি, অপরিকল্পিত নগর বিস্তার এবং নাগরিক সুবিধার বৈষম্যের পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাধ্যের মধ্যে আবাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। চলমান চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে পরিকল্পিত আবাসন, ভবিষ্যৎ উন্নয়ন এলাকা, সাশ্রয়ী আবাসন ও সমন্বিত নগর ব্যবস্থাপনার বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন তিনি।
চউক সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে কাতালগঞ্জ আবাসিক এলাকা দিয়ে সংস্থাটির আবাসন কার্যক্রম শুরু হয়। সেখানে প্লট ছিল ৫৮টি। এরপর ১৯৬৫ সালে আগ্রাবাদে ৩৯১টি, ১৯৭৩ সালে চান্দগাঁওয়ে ৭৫৯টি এবং ১৯৭৭ সালে কর্নেলহাটে ১৬৮টি প্লট তৈরি করা হয়। ১৯৮৪ সালে সলিমপুরে ৯০৪টি, ১৯৯৫ সালে কর্ণফুলীতে ৫১৭টি, ২০০০ সালে চন্দ্রিমায় ১৮০টি এবং ২০০২ সালে চান্দগাঁও দ্বিতীয় পর্যায়ে ৮২টি প্লট তৈরি করা হয়। ২০০৬ সালে কল্পলোক প্রথম পর্যায়ে ৪২৩টি, ২০০৭সালে কল্পলোক দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৩৫৬টি এবং ২০০৮ সালে অনন্যা আবাসিক এলাকায় ১ হাজার ৪৭৮টি প্লট তৈরি করা হয়। ২০০৯ সালে ষোলশহর পুনর্বাসন এলাকায় ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের জন্য ৪৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
সব মিলিয়ে চট্টগ্রামে চউকের ১২টি আবাসিক প্রকল্পে ৬ হাজার ৩৬৪টি প্লট তৈরি ও বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব প্লটে বসতি গড়ে ওঠেনি। ফলে নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি পুরনো আবাসিক এলাকাগুলোর অব্যবহৃত প্লট ও নাগরিক সুবিধার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিন প্রকল্পে হাজার কোটি টাকা
নতুন আবাসন উদ্যোগের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ‘ডেভেলপমেন্ট অব ফতেয়াবাদ নিউ টাউন ইন চট্টগ্রাম’। হাটহাজারীর ফতেয়াবাদে প্রায় ৩৫৪ একর জমিতে নতুন উপশহর গড়ে তুলতে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৫৩৪ কোটি ৪৪ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত মেয়াদি এ প্রকল্পে প্রায় পাঁচ লাখ মানুষের আবাসনের পরিকল্পনা রয়েছে।
বায়েজিদ লিংক রোডসংলগ্ন ১১৩ দশমিক ৮৯ একর জমিতে নেওয়া হয়েছে ‘নিসর্গ আবাসিক এলাকার উন্নয়ন’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮২৫ কোটি টাকা। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। সমীক্ষা শেষ হলে ডিপিপি তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
পতেঙ্গায় ১৯ দশমিক ৫৫ একর জমিতে ‘বে-পার্ল হাউজিং প্রকল্পের উন্নয়ন (ফেজ-১)’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। চউকের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এর লাভজনকতা পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

