সুপ্রভাত ডেস্ক »
১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, তার স্ত্রী-সন্তান এবং যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান জানিয়েছেন।
দুদক জানায়, সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৮৮৮ টাকার অসংগত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।
একই অভিযোগে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও পৃথক নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছেন তার স্ত্রী শাহীন আক্তার ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৯১১ টাকা, মেয়ে সামিয়া রহমান সানি ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৪১৮ টাকা, ছেলে আব্দুল্লাহ আরমান শাওন ৫২ লাখ ২৩ হাজার ৯১ টাকা এবং ভগ্নিপতি ওমর ফারুক ২৯ লাখ ৩৮ হাজার টাকা অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদের হিসাব চেয়েছে দুদক।
এছাড়া একই দিন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকা এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধেও সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক।
সব মিলিয়ে এই দুই পরিবারের ৭ জনের বিরুদ্ধে মোট প্রায় ১৮ কোটি ১১ লাখ টাকার অসংগত সম্পদের অভিযোগে সম্পদ বিবরণী তলবের অনুমোদন দিয়েছে দুদক।

