লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান-১ পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপনের কার্যকারিতা হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছে। নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে মামুনুর রশিদ চৌধুরীকে অনুমোদন দেওয়ার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন আগের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আজিজুল হক।
বুধবার (৪ নভেম্বর) রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেদওয়ান এ রানজিব ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
রিটের বিষয়ে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ফারুক জানান, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আজিজুল হককে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়।
এরপর গত ২৩ আগস্ট তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সাতজন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। তবে ওই সাতজনের একজনের স্বাক্ষর জাল করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পরে ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক নতুন প্যানেল চেয়ারম্যান ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং নতুন প্যানেল গঠনের আইনগত শর্ত পূরণ হয়েছে কি না, তা জানতে প্রতিবেদন চায়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(৪) ধারা অনুযায়ী পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি না, তা স্পষ্ট করে সিদ্ধান্তের কপি, সভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তবে এর পাঁচ দিন পর, ১৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে একই আইনের ৩৩(৫) ধারার বিধান অনুযায়ী বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান প্যানেল অনুমোদন করা হয়। ওই প্যানেলে মামুনুর রশিদ চৌধুরীকে প্যানেল চেয়ারম্যান-১ করা হয়।
মন্ত্রণালয়ের ওই অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেন।

