চট্টগ্রামের মিরসরাইয়ে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত শ্রমিক শরিফুল ইসলামের বাবা মো. সেলিম শনিবার রাতে জোরারগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ বলছে, মামলা হলেও এখনো নিহতদের মরদেহ নিতে পরিবারের কেউ আসেননি।
এর আগে শনিবার সন্ধ্যায় থানায় শরিফুলের পরিবারের সদস্যদের সঙ্গে ফার্মিক স্টিলের চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে দোভাষীর মাধ্যমে ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান শরিফুলের চাচা মনির হোসেন।
শরিফুলের বাবা সেলিম বলেন, ছেলেকে হারিয়ে আমাদের পরিবার অসহায় হয়ে পড়েছে। মামলা চালানোর সামর্থ্য আমাদের নেই। আমরা মামলা নয়, উপযুক্ত ক্ষতিপূরণ চাই।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, শরিফুলের বাবা মামলা করেছেন। সেটি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ সেপ্টেম্বর দুপুরে ফার্মিক স্টিলের ফার্নেসে ত্রুটি দেখা দিলে গলিত লোহা ছিটকে চারজন দগ্ধ হন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেংলিং হংকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
পরে জেংলিং হং (৫৩), শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭) মারা যান। আহত জুয়েল (৩৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

