নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি>> ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মো. রিপন (৩২) ও হাবিবুর রহমান (৩৩)কে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

