সকালের আলো ফুটতেই পুরোনো সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েন সুনীল চন্দ্র ধর। বয়স ৭০ ছুঁই ছুঁই। শরীর আগের মতো সায় দেয় না, কমেছে প্যাডেল চালানোর গতি। তবু প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাঁকে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বয়স যেন এখনো তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায়নি।
২৬ বছর আগে ঋণ করে সাড়ে তিন হাজার টাকায় কেনা পনিক্স সাইকেলটি এখনো তাঁর নিত্যদিনের সঙ্গী। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এই সাইকেলেই বছরের পর বছর ছুটেছেন এক ঠিকানা থেকে আরেক ঠিকানায়। মানুষের হাতে পৌঁছে দিয়েছেন চিঠি, খবর ও নানা সরকারি-বেসরকারি নথি। দিনের দায়িত্ব শেষে সন্ধ্যায় সেই সাইকেলেই ফেরেন বাড়িতে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারোমাসিয়া গ্রামের যতীস চন্দ্র ধরের ছেলে সুনীল। ১৯৯৮ সালে নাজিরহাট উপ ডাকঘরে ডাকপিয়ন হিসেবে যোগ দেন তিনি। তার আগে জীবিকার অবলম্বন ছিল কৃষিকাজ। ডাকপিয়নের চাকরিতে যোগ দেওয়ার পর মানুষের হাতে ডাক পৌঁছে দেওয়াই হয়ে ওঠে তাঁর নিত্যদিনের কাজ।
নব্বইয়ের দশকে মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল চিঠি। দূর শহরে থাকা প্রিয়জনের খবর, স্বজনের খোঁজ কিংবা ভালোবাসার বার্তা—সবকিছুরই বাহক ছিলেন ডাকপিয়নরা। হাতে খাকি খাম নিয়ে কোনো বাড়ির সামনে হাজির হলেই তৈরি হতো কৌতূহল। কার চিঠি এসেছে, কোথা থেকে এসেছে—জানতে ছুটে আসতেন পরিবারের সদস্যরা।
পুরোনো দিনের স্মৃতিচারণ করে সুনীল চন্দ্র ধর বলেন, “আগে আমরা যখন চিঠিপত্র নিয়ে মানুষের বাড়িতে যেতাম, তখন আমাদের দেখলেই মানুষ খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসত। কার চিঠি এসেছে, কোথা থেকে এসেছে—জানার জন্য অপেক্ষা করত। চিঠি হাতে পাওয়ার পর মানুষের মুখের যে আনন্দ দেখতাম, তা এখনো মনে পড়ে।”
সুনীলের স্মৃতিতে সেই সময়ের চিঠিরও রয়েছে আলাদা গল্প। তিনি বলেন, “আগে ডাকের ব্যাগে প্রেমপত্র আসত, প্রিয়জনের চিঠি আসত। চিঠির জন্য মানুষ অপেক্ষা করত, চিঠি হাতে পেয়ে আনন্দও করত। এখন সেই চিঠি খুব একটা আসে না।”
যোগাযোগব্যবস্থার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে ডাকের ধরনও। মুঠোফোন, খুদে বার্তা ও ইন্টারনেটের কল্যাণে মুহূর্তেই পৌঁছে যায় খবর। ফলে ডাকপিয়নের ব্যাগে কমেছে ব্যক্তিগত চিঠির সংখ্যা। এখন সেখানে বেশি থাকে সরকারি চাকরির নিয়োগপত্র, আদালতের আদেশ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দাপ্তরিক চিঠিপত্র।
তবে সুনীলের চোখে সবচেয়ে বেশি বদল এসেছে চিঠির আবেগে। তাঁর ভাষায়, “ইদানীং বেশি আসছে বিবাহবিচ্ছেদের নোটিশ ও তালাকনামা।”
একসময় যে খাকি খাম মানুষের মনে আনন্দ, অপেক্ষা কিংবা ভালোবাসার খবর বয়ে আনত, সেই খামের অনেকগুলোতেই এখন থাকে আইনি নোটিশ কিংবা বিচ্ছেদের বার্তা। সুনীলের কাছে এটিও সময় বদলের এক নীরব চিত্র।
তবে বদলে যাওয়া এই সময়ে সুনীলের পথচলা থামেনি। ২৬ বছর ধরে যে পনিক্স সাইকেলটি তাঁর কর্মজীবনের সঙ্গী, সেটি নিয়েই এখনো প্রতিদিন দায়িত্ব পালন করেন তিনি। বয়সের ভারে শরীর ধীর হয়েছে, কিন্তু দায়িত্ববোধে ভাটা পড়েনি।
ডাকপিয়নের চাকরিতে যোগ দেওয়ার পরও কৃষির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি সুনীলের। কাজের ফাঁকে কিংবা ছুটির দিনে ছেলের সঙ্গে এখনো মাঠে নামেন। ডাক বিলির ব্যস্ততা শেষে মাটির কাছেই ফিরে পান নিজের আরেক পরিচয়—কৃষকের পরিচয়।
তবে দীর্ঘ কর্মজীবনের এই যাত্রায় আর্থিক স্বচ্ছলতা আসেনি তাঁর জীবনে। ডাক দিবসের প্রসঙ্গ উঠতেই সুনীলের কণ্ঠে ফুটে ওঠে আক্ষেপ। তিনি বলেন, “দিবস আসে, দিবস যায়। কিন্তু আমাদের ভাগ্য তো পাল্টায় না। আমরা যে বেতন পাই, তাতে সংসার চালানো কঠিন। তারপরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে এই পদটি আঁকড়ে ধরে আছি।”
তিনি আরও বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি, তাতে আমরা যে বেতন পাই, তা দিয়ে সংসার চালানো কঠিন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। সরকারের কাছে আমাদের বেতন বৃদ্ধির পাশাপাশি উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানাই।”
চিঠির যুগ অনেকটাই পেছনে পড়ে গেছে। বদলে গেছে ডাকপিয়নের ব্যাগ, বদলে গেছে মানুষের অপেক্ষার ধরন। তবু সুনীলের পুরোনো পনিক্স সাইকেলের চাকা এখনো ঘুরছে। সেই চাকার সঙ্গে ঘুরছে ২৬ বছরের কর্মজীবনের স্মৃতি—খাকি খামের, মানুষের অপেক্ষার আর হারিয়ে যেতে বসা এক সময়ের গল্প।

