চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নকশা ও প্রস্থ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ব্রিজটির প্রস্থ নির্ধারিত মানের চেয়ে কম নয়, বরং বেশি।
মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন ফুটওভার ব্রিজটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, ব্রিজটির বিভিন্ন অংশে ১ দশমিক ৩ মিটার ও ১ দশমিক ৪ মিটার ক্লিয়ার স্পেস রয়েছে। সর্বোচ্চ প্রস্থ ১ দশমিক ৫ মিটার। অথচ নির্ধারিত ন্যূনতম প্রস্থ ১ দশমিক ২ মিটার। তাই ব্রিজটির প্রস্থ নির্ধারিত মানদণ্ডের বাইরে নয়।
তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও সরকারি গেজেটে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করেই ব্রিজটির নকশা করা হয়েছে। প্রকৌশল ও স্থাপত্যের কারিগরি বিষয় না বুঝে বিভিন্ন মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জিইসি এলাকায় স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, প্রতিদিন শিক্ষার্থী, রোগী, স্বজন, শিক্ষক ও চিকিৎসকসহ বিপুলসংখ্যক মানুষ এ এলাকায় চলাচল করেন। তাদের নিরাপদে সড়ক পারাপারের বিষয়টি বিবেচনা করেই ব্রিজটির নকশা করা হয়েছে।
চারদিক থেকে পথচারীরা যাতে সহজে ব্রিজে উঠতে ও নামতে পারেন, সেভাবেই নকশা করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, এটি হাঁটা ও নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে। পণ্য বিক্রি বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য এখানে জায়গা রাখা হয়নি।
ব্রিজটির নির্মাণকাজ কারিগরি দিক থেকে চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে মেয়র বলেন, সিটি করপোরেশনের প্রকৌশলী ও স্থপতিরা দীর্ঘ সময় ধরে কাজ করে এর নকশা তৈরি করেছেন। কারিগরি বিষয়ে কোনো সংশয় থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য না করে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। সমালোচনা হলে তা তথ্যভিত্তিক ও গঠনমূলক হওয়া উচিত বলেও মন্তব্য করেন মেয়র।
মেয়র জানান, আগামী ২৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ফুটওভার ব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
পরিদর্শন শেষে মেয়র জিইসি মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় অবৈধ স্থাপনা ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনা সরিয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

