আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের অপারেশন ক্লিন হার্টের মত কোনো পরিকল্পনা নাই।”
খুলনায় রাতে চলাচলে পুলিশ ভয় পাচ্ছে বলে খবর আসার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে সালাহউদ্দিন বলেন, “পুলিশ অপরাধ দমন করতে গেলে, মাঝে মধ্যে আক্রমণের শিকার হয়। এটা নতুন কোন বিষয় নয়। আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব।”
পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
“পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন, ডিসেম্বরে নাশকতার পরিকল্পনা এবং বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকার কোনো চ্যালেঞ্জ দেখছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।”
**সাইবার অপরাধ মোকাবিলায় উদ্যোগ**
গত ১ অক্টোবর থেকে ‘পুলিশ সাইবার ইউনিট’ নামে একটি ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, এ কাজে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। কোরিয়া সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা ও শেয়ারবাজারে কারসাজিসহ বিভিন্ন অপরাধ ঘটছে। এসব অপরাধ প্রতিরোধ ও তদন্তে ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রয়োজন।
সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে পরীক্ষার ফলাফল, সাক্ষ্য-প্রমাণ ও সনদ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও পরীক্ষাগার সুবিধা বাড়ানো হবে বলে জানান সালাহউদ্দিন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জোন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম এবং সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন উপস্থিত ছিলেন।

