নিজস্ব প্রতিবেদক >>
নগরের প্রবর্ত্তক সংঘের নবনির্মিত পূজা মণ্ডপের উদ্বোধন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে সংঘের পূজা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধক শ্রীশ্রী কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্যের রেকর্ড করা বক্তব্য ফোনে অনুষ্ঠানে প্রচার করা হয়। বক্তব্যে তিনি নবনির্মিত পূজা মণ্ডপের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেলেমেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ যেমন প্রয়োজন, তেমনি আধ্যাত্মিক জীবনেও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা দরকার। প্রবর্ত্তক সংঘের অনাথ আশ্রমের শিশুদের প্রার্থনা ও জীবন গঠনে নবনির্মিত পূজা মণ্ডপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূজা মণ্ডপ মানুষের পারস্পরিক মেলবন্ধন ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি মানসিক প্রশান্তির ক্ষেত্রেও ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম-চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ সত্য ও সৎ পথে চলা, অধ্যয়ন এবং মা-বাবা, আচার্য ও অতিথিদের প্রতি শ্রদ্ধা ও সেবার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এসব আদর্শ অনুসরণ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
আয়োজকেরা জানান, পুরোনো পূজা মণ্ডপটি দীর্ঘদিন ধরে জীর্ণশীর্ণ অবস্থায় ছিল। এ কারণে নতুন করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। নবনির্মিত মণ্ডপে ‘১২ মাসে ১৩ পার্বণ’ আয়োজনের মাধ্যমে সারা বছর ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত, গীতাপাঠ, উদ্বোধনী বক্তব্য, অতিথিদের বক্তব্য ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। পরে প্রসাদ বিতরণ করা হয়।
প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাসসহ সংঘের কর্মকর্তা, সদস্য, আশ্রমের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

