নিজস্ব প্রতিনিধি, উখিয়া>> জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সুনির্দিষ্ট ও সময়ভিত্তিক রোডম্যাপ তৈরির দাবি জানিয়েছে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)। জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, প্রায় নয় বছর ধরে তারা নিজ মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে আশ্রয়শিবিরে বসবাস করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে প্রত্যাবাসনের কথা বললেও বাস্তবে সংকট সমাধানে কার্যকর অগ্রগতি হয়নি।
ইউসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী সাইদ উল্লাহ বলেন, রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল আশ্রয়শিবিরে রেখে সংকটের সমাধান সম্ভব নয়। তাদের ভবিষ্যৎ নিয়ে এখন সুনির্দিষ্ট সিদ্ধান্তের সময় এসেছে।
রোহিঙ্গা নেতা মো. সোইব বলেন, শুধু আলোচনা নয়, মিয়ানমারে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন।
রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক বলেন, ‘রোহিঙ্গাদের ঘরে ফেরার অধিকার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার কথা বলেছে। কিন্তু বাস্তবে আমরা এখনো শিবিরেই রয়ে গেছি। তাই জাতিসংঘের মাধ্যমে প্রত্যাবাসনের একটি সুনির্দিষ্ট ও সময়ভিত্তিক রোডম্যাপ তৈরি করতে হবে।’

