পুকুরের মাছগুলো বড় হলে একসঙ্গে ধরে প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেওয়ার ইচ্ছা ছিল পশুচিকিৎসক বেলাল উদ্দিনের। কিন্তু পুকুরে বিষ প্রয়োগে মরে ভেসে উঠেছে তার শখ করে চাষ করা মাছ। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
কক্সবাজারের পেকুয়া উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে খবর দেন।
বেলাল উদ্দিন পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে। তিনি পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। মাছগুলো বেশ বড়ও হয়ে উঠেছিল। তবে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগে তার দীর্ঘদিনের শখ ও পরিকল্পনা ভেস্তে গেছে।
বেলাল উদ্দিন বলেন, শখ করে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। মাঝেমধ্যে ক্যাপা জাল দিয়ে নিজেই মাছ ধরতাম। ইচ্ছা ছিল, সব মাছ একসঙ্গে ধরে প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দেব। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় সেই ইচ্ছা আর পূরণ হলো না।
পুকুরে বিষ প্রয়োগের পেছনে পূর্ববিরোধ থাকতে পারে বলে সন্দেহ করছেন বেলাল উদ্দিন। তার অভিযোগ, মদন আলীর ছেলে শাহ আলম এর আগে তাঁকে হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের জেরেই পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিন বলেন, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় পুকুরের মাছগুলো দেখে তাদের ভালো লাগত। শখ করে মাছ চাষ করছিলেন বেলাল উদ্দিন। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় বেলাল উদ্দিন পেকুয়া থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের পর উপপরিদর্শক (এসআই) পল্লব ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই পল্লব ঘোষ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

