নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ>> চট্টগ্রামের চন্দনাইশে এক ফাজিল শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাতের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।
রোববার চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের কাছে অভিযোগটি করেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজান।
লিখিত অভিযোগে মিজান বলেন, গত ১৬ সেপ্টেম্বর এসেম্বলি চলাকালে যথাসময়ে মাদ্রাসায় প্রবেশের পর অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন কোনো কারণ জিজ্ঞাসা না করেই মাঠে উপস্থিত সব শিক্ষার্থীর সামনে তাকে বেত দিয়ে আঘাত করেন।
নিজেকে ফাজিলের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও অধ্যক্ষ তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তিনি। এতে শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ক্লাসে যেতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করেন মিজান।
এর আগেও তার চাচাতো ভাইসহ কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের হাতে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাওয়াকে কারও প্রতি অসম্মান নয় উল্লেখ করে ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা না ঘটে, সেজন্যই প্রশাসনের কাছে গেছেন বলে জানান মিজান।
শিক্ষার্থীর বাবা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
তবে বেত্রাঘাতের কথা স্বীকার করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। তিনি বলেন, ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করায় কয়েকজন ছাত্রকে শাসন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

