পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছেন পোশাকশ্রমিকেরা। কেউ চোখ মুছছেন, কেউ সহকর্মীকে সান্ত্বনা দিচ্ছেন। তাদের মুখে একটাই কথা, ‘আর হয়তো কোনোদিন দেখা হবে না আমাদের!’ গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেড বন্ধ হয়ে যাওয়ার খবর।
কারখানা বন্ধের খবরে শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, ‘এসব মিথ্যা। একটু কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।’
তবে কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, কয়েক বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষা করায়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞরা ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেন। শ্রমিকদের জীবন ও কারখানার মালামালের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘কারখানার শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করেই কারখানা বন্ধ করা হবে। পাওনা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।’
কারখানাটির কর্মচারী মুহাম্মদ হাসিব বলেন, ‘সাড়ে তিন বছর গার্মেন্টসে চাকরি করেছি, কিন্তু এবার কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে চলে যেতে হবে।’
শ্রমিক-কর্মচারীদের ছাঁটাইয়ের বিষয়ে বিস্তারিত জানেন না জানিয়ে ওই কর্মকর্তা বলেন, কারখানা বন্ধ করা হলেও শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করা হবে।

