কলেজের শ্রেণিকক্ষ ও অডিটোরিয়াম ভাড়া দেওয়া হয়েছে। কলেজ প্রাঙ্গণে বসবাসের সুযোগ পেয়েছে বহিরাগত একটি পরিবারও। এসব ব্যবহারের বিনিময়ে অর্থ নেওয়া হলেও তা কলেজের তহবিলে জমা পড়েছে, এমন কোনো রসিদ বা ভাউচার দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অন্যদিকে কলেজের আবাসিক সুবিধা ভোগ করেও দায়িত্ব ভাতা নিয়েছেন অধ্যক্ষ। সরকারি ইনক্রিমেন্টের পাশাপাশি কলেজের তহবিল থেকেও নিয়েছেন অতিরিক্ত অর্থ। চট্টগ্রামের পাহাড়তলী কলেজে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের এমন নানা চিত্র উঠে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্তে।
কলেজটির অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। ৩০ পৃষ্ঠার প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ২০১৮ সালের জুলাই থেকে বিধিবহির্ভূতভাবে দেওয়া আর্থিক সুবিধার অর্থ সংশ্লিষ্ট অধ্যক্ষ ও শিক্ষকদের কাছ থেকে ফেরত নেওয়ার সুপারিশ রয়েছে। গত ৮ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশিত হয়।
কলেজের সম্পত্তি ভাড়া, আয়ের হিসাব নেই
তদন্তে কলেজের সম্পত্তি ব্যবস্থাপনায় গভর্নিং বডির অনুমোদন উপেক্ষা করার বিষয়টি উঠে এসেছে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, গভর্নিং বডিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে অর্থের বিনিময়ে বহিরাগত একটি পরিবারকে কলেজ প্রাঙ্গণে বসবাসের সুযোগ করে দেওয়া হয়। একইভাবে কলেজের শ্রেণিকক্ষ ও অডিটোরিয়াম ভাড়ার বিনিময়ে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এসব খাত থেকে পাওয়া অর্থ কলেজের তহবিলে জমা দেওয়ার কোনো জমা রসিদ বা ভাউচার উপস্থাপন করতে পারেননি অধ্যক্ষ।
কলেজের সম্পত্তি ব্যবহারের অনুমতি দেওয়া থেকে শুরু করে অর্থের হিসাব সংরক্ষণ, পুরো প্রক্রিয়াতেই অধ্যক্ষের প্রশাসনিক ও আর্থিক দায় রয়েছে বলে মনে করছে তদন্ত কমিটি। এ দায় নির্ধারণ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
আবাসন সুবিধা নিয়েও দায়িত্ব ভাতা
অধ্যক্ষের নিজের আর্থিক সুবিধা গ্রহণের বিষয়েও আপত্তি তুলেছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের আবাসিক সুবিধা ভোগ করার পাশাপাশি দায়িত্ব ভাতার নামে অতিরিক্ত অর্থ নিয়েছেন শ্যামল কান্তি মজুমদার। সরকারি বাড়িভাড়া ভাতা ফেরত দেওয়ার স্বপক্ষে প্রমাণও দিতে পারেননি তিনি। এ ছাড়া সরকারের কাছ থেকে মূল বেতনের ওপর নির্ধারিত ইনক্রিমেন্ট পাওয়ার পরও একই ধরনের সুবিধা বিভিন্ন নামে কলেজ তহবিল থেকে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
শিক্ষকদের বেতন-ভাতাতেও অনিয়ম
শিক্ষকদের বেতন-ভাতা নির্ধারণেও নিয়ম মানা হয়নি বলে তদন্তে উঠে এসেছে। এমপিওভুক্ত শিক্ষকদের ইনসেনটিভ, প্রফেশনাল ইনক্রিমেন্ট ও অতিরিক্ত কলেজ বেতন দেওয়ার ক্ষেত্রে গভর্নিং বডির অনুমোদন, কলেজের আর্থিক সামর্থ্য, অর্থের উৎস এবং প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে বিবেচনা করা হয়নি। একই ধরনের সুবিধা শিক্ষকদের মধ্যে ভিন্ন ভিন্ন হারে নির্ধারণের বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
এ অবস্থায় ২০১৮ সালের জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কলেজ তহবিল থেকে দেওয়া ইনক্রিমেন্ট, ইনসেনটিভ ও প্রফেশনাল ইনক্রিমেন্টের হিসাব করতে বলা হয়েছে। যে নামেই এসব অর্থ দেওয়া হয়ে থাকুক, বিধিবহির্ভূত অর্থ সংশ্লিষ্ট অধ্যক্ষ ও শিক্ষকদের কাছ থেকে চালানের মাধ্যমে ফেরত নিয়ে কলেজ তহবিলে জমা দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
দুই শিক্ষকের অর্থ ফেরতের সুপারিশ
শুধু বেতন-ভাতায় অনিয়ম নয়, শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়েও তদন্তে আপত্তি উঠেছে। কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত মনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। তবে তাঁকে অফিস সহকারী কাম হিসাব সহকারী বা সমমানের পদে যে নন-এমপিও বেতন দেওয়া হতো, সেই পরিমাণ অর্থ বাদ দিয়ে অবশিষ্ট অবৈধভাবে উত্তোলিত অর্থ তাঁর কাছ থেকে অনাদায়ি পাওনা হিসেবে আদায় করতে বলা হয়েছে।
অন্যদিকে, নন-এমপিও প্রভাষক রাশেদ মোকাম্মেলকে জ্যেষ্ঠ প্রভাষক পদে প্রাতিষ্ঠানিক পদোন্নতির বিপরীতে কলেজ তহবিল থেকে দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। এককালীন অথবা বেতন থেকে সমন্বয়ের মাধ্যমে ওই অর্থ কলেজ তহবিলে জমা দিতে বলা হয়েছে।
অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ প্রমাণিত
হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। শিক্ষার্থীদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া অধ্যক্ষের সঙ্গে যোগসাজশ করে ইচ্ছেমতো বেতন বিল তৈরি এবং অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে একই কলেজের নন-এমপিও শিক্ষকদের আরেকটি চিত্রও উঠে এসেছে তদন্তে। বিধি মোতাবেক নিয়োগ পাওয়া এসব শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বেতন-ভাতার এই বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট পক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
ছাত্রীর প্রতি কুপ্রস্তাবের অভিযোগ প্রমাণিত হয়নি
অন্যদিকে, শিক্ষক মো. মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। অধ্যক্ষের উত্থাপিত এ অভিযোগের পক্ষে পর্যাপ্ত, প্রত্যক্ষ ও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটি জানায়, কথিত ভুক্তভোগী, মূল অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া দাখিল করা ডিজিটাল উপাত্ত ও লিখিত বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি। ফলে অভিযোগটি প্রমাণিত হয়নি বলে মত দিয়েছে কমিটি।
অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চায় তদন্ত কমিটি
সব মিলিয়ে বিধিবহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ, গভর্নিং বডির আইনগত এখতিয়ার লঙ্ঘন, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম এবং দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে প্রযোজ্য আইন, বিধিবিধান ও চাকরির শর্ত অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী বলেন, ঢাকা থেকে বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশনা ছিল। পরে আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করেছি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন প্রেরণ করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবেন।

