চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকের পরিত্যক্ত সিডিএ মাঠ খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা। মাঠটি সারা বছর সবার জন্য উন্মুক্ত রাখার বিষয়েও সিডিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ।
শনিবার বিকেলে মাঠটি পরিদর্শন করেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতারা। এ সময় তারা মাঠটির বর্তমান অবস্থা দেখেন এবং খেলাধুলার প্রসারে এর গুরুত্ব তুলে ধরেন।
কামরুদ্দিন সবুজ বলেন, দীর্ঘদিন ধরে সিডিএর মইজ্জ্যারটেক মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সিডিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে মাঠটি সারা বছর সবার জন্য উন্মুক্ত রাখার বিষয়ে কথা বলা হবে।
তিনি আরও বলেন, কিছুদিন পর নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হচ্ছে। এ জন্য মাঠটি খেলাধুলার উপযোগী করে তোলার লক্ষ্যে তারা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ এবং বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দীনসহ সংস্থাটির অন্য নেতারা।

