চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ আলাদা সাইকেল লেন তৈরি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এটিকে দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাক বলে দাবি করছে সংস্থাটি।
শুক্রবার উদ্বোধনের পর নগরবাসীর জন্য লেনটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।
চার লেনের বিমানবন্দর সড়কের এক পাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের সঙ্গে তৈরি করা হয়েছে সাইকেল চলাচলের এই আলাদা লেন। সড়কের দুই পাশে ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ডও রাখা হয়েছে।
সিটি করপোরেশনের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নের অংশ হিসেবে লেনটি তৈরি করা হয়েছে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, পৃথক লেন থাকায় অন্যান্য যানবাহনের সঙ্গে সাইকেল আরোহীদের সংঘাতের ঝুঁকি কমবে। এতে নিরাপদে সাইকেল চলাচলের সুযোগ তৈরির পাশাপাশি নগরীতে সাইকেল ব্যবহারের প্রবণতাও বাড়বে।
যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি সাইকেলকে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে জনপ্রিয় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাইকেল লেনটির নির্মাণকাজ ও উদ্বোধনের প্রস্তুতি দেখতে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।
‘এটি শুধু সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে অগ্রযাত্রার প্রতীক।’
তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি করা প্রয়োজন মন্তব্য করে মেয়র বলেন, সাইকেলের ব্যবহার বাড়লে যানজট ও দূষণ কমার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে।
চট্টগ্রামকে সাইকেলবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
পরিদর্শনের সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সচিব (অ. দা.) আজিজ আহমদ উপস্থিত ছিলেন।

