পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এর টেন্ডার প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।
শনিবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
পরিদর্শনের সময় হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।
পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি যেসব এলাকায় হাসপাতাল নেই, সেখানে নতুন ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয়তা বিবেচনায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি পূর্ণাঙ্গ ‘মডেল হাসপাতালে’ রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পটিয়ার প্রায় সাত লাখ মানুষ ছাড়াও পাশের চন্দনাইশ, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলার রোগীরা এ হাসপাতালের ওপর নির্ভর করেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন। পাশাপাশি প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন।
রোগীর এই চাপ সামলাতে হাসপাতালটিতে বিভিন্ন সংকট তৈরি হয়েছে জানিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।
এ সময় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তি রোগীদের রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং রোগীদের উন্নতমানের খাবার নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
‘স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না’ উল্লেখ করে মন্ত্রী রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপি এনামুল হক, পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তৈয়বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

