চট্টগ্রামের পটিয়ায় একটি ডেইরি খামার থেকে ম্যানেজার মো. আনোয়ার হোসেনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ওই সময় তার কাছে খামারের নগদ টাকা ছিল।
পুলিশ বলছে, টাকা লেনদেনের কোনো বিষয় নিয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন (৪৫) ওই এলাকার জহির আহমদের ছেলে। তিনি স্থানীয় প্রবাসী আবদুল আজিজের মালিকানাধীন ‘গ্রীণ এগ্রো ফার্ম’-এর ম্যানেজার হিসেবে কাজ করেন।
স্থানীয়দের ও পরিবারের ভাষ্য, সকাল সাড়ে ১১টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি খামারে ঢুকে আনোয়ারকে জোর করে তুলে নিয়ে যান। পরে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর থেকে আনোয়ারের মোবাইল ফোন চালু থাকলেও তিনি কল ধরছেন না বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় আনোয়ারের স্ত্রী রানু আকতার পটিয়া থানায় অভিযোগ করেছেন।
আনোয়ারের চাচা বলেন, সিএনজি করে এসে দুর্বৃত্তরা আমার ভাইপোকে উঠিয়ে নিয়ে গেছে। অপহরণের সময় তার কাছে খামারের নগদ টাকা ছিল।
শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কবির বলেন, খামারের ম্যানেজারকে অপহরণ করে দুর্বৃত্তরা একটি গাড়িতে তুলে নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাকা লেনদেনের কোনো বিষয় নিয়ে দুর্বৃত্তরা তাঁকে নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

