মানুষের অপরাধের কি কোনো শেষ পরিণতি নেই? অন্যায়, লোভ ও ক্ষমতার যে হিসাব মানুষ নিজের মতো করে মেলাতে চায়, সময় কি শেষ পর্যন্ত তার অন্য কোনো হিসাব দাঁড় করায় না? ন্যায়বিচার কখনো কখনো মানুষের নিজের তৈরি নিয়তির মধ্য দিয়েই ফিরে আসে। সেই অনিবার্য প্রত্যাবর্তনের নামই যেন ‘নেমেসিস’।
নুরুল মোমেনের কালজয়ী নাটক *নেমেসিস* সেই প্রশ্নকেই নতুন মঞ্চভাষায় সামনে নিয়ে এসেছে ফেইম। ৪ অক্টোবর ২০২৬ থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে মঞ্চস্থ এই প্রযোজনায় পরিকল্পনা, নির্দেশনা ও একক অভিনয়ে ছিলেন মুবিদুর রহমান সুজাত। প্রযোজনা উপদেষ্টা অসীম দাশ।
ফেইমের পরিচিত জাঁকজমকপূর্ণ মঞ্চসজ্জা, আলো ও শব্দের বিপরীতে *নেমেসিস*-এ সুজাত বেছে নিয়েছেন একেবারেই সংযত মঞ্চভাষা। অল্প সেট, সীমিত প্রপস, পরিমিত আলো ও প্রয়োজনমাফিক শব্দের এই সরলতা কোনো শূন্যতা তৈরি না করে নাটকের অন্তর্গত অন্ধকারকে আরও দৃশ্যমান করেছে। বাহ্যিক চাকচিক্য সরিয়ে চরিত্রের মনস্তত্ত্বকে সামনে আনার এই প্রয়াসই নির্দেশক সুজাতকে করেছে স্বতন্ত্র।
নাটকের শুরুতেই অভিক্ষেপণের মাধ্যমে সমসাময়িক মানুষের দুর্দশা, অস্থিরতা ও সংকটের যে চিত্র তুলে ধরা হয়, তা নাটকের মূল বক্তব্যকে বর্তমান সময়ের সঙ্গে যুক্ত করে সমকালীন বাস্তবতারই প্রতিধ্বনি হয়ে ওঠে। দর্শক শুরু থেকেই বুঝতে পারেন, এই গল্প শুধু সুরজিতের নয়, আমাদের সময়েরও।
সুরজিতের জীবনে আছে প্রেম, স্বপ্ন ও সামাজিক স্বীকৃতির আকাঙ্ক্ষা। সুলতাকে ভালোবাসে সে, কিন্তু সেই ভালোবাসাকে সামাজিক পরিণতি দেওয়ার পথে অর্থ হয়ে দাঁড়ায় প্রধান শর্ত। অর্থের প্রয়োজনই তাকে ধীরে ধীরে নৈতিকতার সীমা অতিক্রম করতে শেখায়। যুদ্ধ ও দুর্ভিক্ষপীড়িত সমাজে কালোবাজারি ও অনৈতিক উপায়ে অর্থ অর্জনের মধ্য দিয়ে সুরজিতের আর্থিক উত্থান ঘটে, কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে ঘটে আত্মিক স্খলন।
*নেমেসিস* কোনো অসাধারণ নায়কের গল্প নয়, এটি একজন সাধারণ মানুষের অসাধারণ পতনের গল্প। এই আবহকে আরও গভীর করে রবীন্দ্রনাথের ‘দুঃসময়’ কবিতার ব্যবহার। কবিতার দুঃসময় এবং *নেমেসিস*-এর নৈতিক ও সামাজিক অন্ধকার যেন একই বিন্দুতে এসে মিলিত হয়। ব্যক্তির সংকট এখানে বৃহত্তর সময়ের সংকট থেকে বিচ্ছিন্ন নয়। কবিতাটি নাটকের অন্তর্নিহিত বিষণ্ণতা ও অস্থিরতার সঙ্গে একটি অর্থবহ সংযোগ তৈরি করে।
এই প্রযোজনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মঞ্চ উপাদান নিঃসন্দেহে টেলিফোন। নাটকের কাহিনি এগিয়ে যায় একাধিক টেলিফোনে বিভিন্ন চরিত্রের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে। মঞ্চে সুরজিত ছাড়া আর কোনো চরিত্রের শারীরিক উপস্থিতি নেই। তার স্মৃতি, সংলাপ ও টেলিফোনে কথোপকথনের মধ্য দিয়ে একে একে উপস্থিত হয় সুলতা, নৃপেন বোস, মাস্টারমশাইসহ আরও অনেক চরিত্র।
টেলিফোন এখানে কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি হয়ে ওঠে সুরজিতের অন্তর্দ্বন্দ্ব, ভয়, সংশয় ও অপরাধবোধের এক অদৃশ্য বাহন। বারবার ভুল ফোন রিসিভ করা কিংবা হঠাৎ বেজে ওঠা টেলিফোনের শব্দ চরিত্রটির মানসিক বিপর্যয়কে ক্রমশ তীব্র করে। একটি ফোন শেষ হওয়ার আগেই পরবর্তী ফোন; যেন প্রতিটি রিংটোন গল্পটিকে নিয়ে যাচ্ছে আরও একটি অন্ধকার পৃষ্ঠায়। টেলিফোনের রিং ধীরে ধীরে নাটকের নিজস্ব এক প্রতীকী ভাষায় পরিণত হয়েছে।
নির্দেশনার বাইরে সুজাত এই নির্মাণে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি নিয়েছেন অভিনয়ে। এক ঘণ্টা ১০ মিনিটের এই একক অভিনয়ের পুরোটা সময় বিভিন্ন পরিস্থিতি ও চরিত্রের উপস্থিতি তৈরি করতে তাঁর কণ্ঠ, বিরতি, দৃষ্টি ও শরীরী ভাষার ব্যবহার প্রশংসনীয়। বিশেষ করে টেলিফোন কথোপকথনের দৃশ্যগুলোতে তাঁর অভিনয় চরিত্রের ভেতরের টানাপোড়েনকে দৃশ্যমান করে। তবে কিছু জায়গায় দীর্ঘ সংলাপ নাটকের গতিকে সামান্য শ্লথ করেছে। সংলাপের আরও কিছুটা পরিমিতি থাকলে নাটকের টানটান আবহ আরও শক্তিশালী হতে পারত।
শেষ দৃশ্যে সুরজিত খুন হয়, নিথর পড়ে থাকে দেহ, আলো নিভে যায়। মঞ্চের অন্ধকারে মুহুর্মুহু টেলিফোন বেজে ওঠে। এতক্ষণ যে ফোনগুলো গল্পকে এগিয়ে নিয়েছে, চরিত্রদের যুক্ত করেছে, ভয় ও বিপদের সংবাদ বহন করেছে, শেষে সেই ফোনই হয়ে ওঠে এক অনন্ত অনুত্তরিত প্রশ্ন।
ফেইমের *নেমেসিস* এখানেই সফল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবং এর নির্মাণের অন্তর্নিহিত ব্যঞ্জনা অনুধাবন করতে নেমেসিস পুনঃপুন দেখার দাবি রাখে।

