চট্টগ্রামে ব্যাটারিচালিত সব রিকশা নিবন্ধনের আওতায় আসছে না। পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত নির্দিষ্ট ই-রিকশা নিবন্ধনের জন্য শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে এ নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার মধ্যে কিছু পরিবেশবান্ধব নয়। তবে লিথিয়াম ব্যাটারিচালিত কিছু ই-রিকশা পরিবেশবান্ধব। সরকার সেগুলো নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে।
‘আমরাও চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রস্তুত আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যেভাবে নীতিমালা নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই নীতিমালা অনুসরণ করেই আমরা কাজ করব,’ বলেন তিনি।
চসিক প্রশাসক বলেন, এ বিষয়ে বুধবার ১৩টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকদের নিয়ে একটি সভা হয়েছে। তিনি নিজে সভায় উপস্থিত থাকতে না পারলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন বলেন, সরকার পরিবেশবান্ধব ই-রিকশা নিবন্ধনের নির্দেশনা দিয়েছে। চসিকও সেই অনুযায়ী কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।
তবে চট্টগ্রামে নিবন্ধন কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ এবং নিবন্ধনের বিস্তারিত শর্ত এখনো জানানো হয়নি।

