নিরাপত্তার অজুহাতে গণমাধ্যমের সংবাদ সংগ্রহ ও প্রকাশের ওপর নিয়ন্ত্রণ আরোপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এ ধরনের নির্দেশনাকে ‘নজিরবিহীন ও বেআইনি’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এ দাবি জানান।
মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমতি ছাড়া বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা, অপারেশনাল তথ্য, স্কেচ এবং অবকাঠামোর ছবি ও ভিডিও প্রকাশ বা প্রচার না করার নির্দেশ দেওয়া হয়।
এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমে প্রকাশ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সিইউজের নেতারা বলেন, বন্দরের নিরাপত্তা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। তবে নিরাপত্তার প্রশ্নকে ঢাল হিসেবে ব্যবহার করে গণমাধ্যমের স্বাধীন সংবাদ সংগ্রহ, অনুসন্ধান ও প্রকাশের অধিকার নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, সাংবাদিকরা দেশের প্রচলিত আইন ও পেশাগত নীতিমালা অনুসরণ করেই সংবাদ প্রকাশ করেন। কোন তথ্য প্রকাশ করা যাবে আর কোনটি যাবে না—এমন অস্পষ্ট নির্দেশনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
সিইউজের নেতারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, এতে বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সংবাদক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ৪ ধারায় নাগরিকের তথ্য লাভের অধিকারও স্বীকৃত।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা, প্রশ্ন ও আন্দোলন চলছে, তখন এ ধরনের নির্দেশনা জনমনে নতুন প্রশ্ন তৈরি করছে।
বন্দর পরিচালনা, চুক্তি, ইজারা, বিনিয়োগ, নিরাপত্তা, শ্রমিকস্বার্থ ও জনস্বার্থের বিষয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করা যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিইউজের নেতারা বলেন, গণমাধ্যমকে তথ্য দেওয়া বন্ধ করে কোনো প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে না। বরং জনস্বার্থের তথ্য গোপন করার চেষ্টা সন্দেহ ও বিভ্রান্তি বাড়াতে পারে।
তারা বলেছেন, নিরাপত্তার নামে সংবাদ প্রকাশ বন্ধের সংস্কৃতি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। বন্দর কর্তৃপক্ষের উচিত সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে তাদের সঙ্গে স্বচ্ছ ও সহযোগিতামূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।
নেতৃবৃন্দ অবিলম্বে নির্দেশনাটি প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে নিরাপত্তার নামে গণমাধ্যমের কণ্ঠরোধের কোনো উদ্যোগ চট্টগ্রামের সাংবাদিক সমাজ মেনে নেবে না বলেও জানান তারা।

