নাতে রাসুল, কবিতা আবৃত্তি ও সিরাতবিষয়ক আলোচনায় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয়েছে ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার নগরের পাঁচলাইশের মাটি প্রাঙ্গণে সংগীতাঙ্গন সুরের আলোর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাতে রাসুল পরিবেশন করেন। ছিল একক পরিবেশনা ও কাওয়ালি সন্ধ্যা।
অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত নিয়ে প্রভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।
তিনি বলেন, নান্দনিক উপস্থাপনায় রাসুল (সা.)-এর পবিত্র আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠানের পরিসর আরও বাড়াতে হবে।
সুরের আলোর পরিচালক শিল্পী মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং শিল্পী আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতে পানজেরী শিল্পীগোষ্ঠী, পারাবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ, মুক্তকানন শিশু-কিশোর সাংস্কৃতিক সংসদ ও ক্ষুদে পারাবার নাতে রাসুল পরিবেশন করে। এ ছাড়া ছিল আবৃত্তি ও একক নাতে রাসুল পরিবেশনা।
অনুষ্ঠানে মরহুম শিল্পী-সুরকার মুহাম্মদ জামালুদ্দীনের স্মারক ‘কণ্ঠ তার অনাবিল অমিয় নির্ঝর’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে নাতে রাসুল ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কাণ্ডারী, হিতৈষী ও বিশ্বস্ত বিভাগে বিজয়ী ১১ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এর আগে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রযোজনা প্রতিষ্ঠান কণ্ঠধীরের আয়োজনে ১০ অক্টোবর পর্যন্ত চলা এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বাছাই করা ১০৫টি ক্যালিগ্রাফি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ক্যালিগ্রাফি শিল্পের বিকাশে নতুন ধারা, বিষয়বৈচিত্র্য ও ভিন্ন মাধ্যম নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন।

