প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করতে পারলে জাতীয় জীবনে সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইস্কান্দার আলম।
শনিবার সকালে চট্টগ্রাম নগরের হালিশহরের জে পি কনভেনশন হলে ‘ফুটন্ত ফুল’ আয়োজিত সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইস্কান্দার আলম বলেন, বর্তমান সমাজের অস্থিরতা, দুর্নীতি, অপরাধপ্রবণতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয় থেকে মুক্তি পেতে সামগ্রিক জীবনে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শের প্রতিফলন ঘটানো জরুরি। যুদ্ধ, সংঘাত, বৈষম্য ও অসহিষ্ণুতায় বিপর্যস্ত বিশ্বে তাঁর শান্তি, ন্যায়বিচার, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ‘ফুটন্ত ফুল’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও কলামিস্ট মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেন, মহানবী (সা.) সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির প্রতীক। তাঁর জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা মানুষে মানুষে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের বন্ধন সুদৃঢ় করে।
‘ফুটন্ত ফুল’-এর ডবলমুরিং, পাহাড়তলী ও সীতাকুণ্ড জোন প্রথমবারের মতো এ সিরাত অলিম্পিয়াডের আয়োজন করে। প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে সর্বোচ্চ নম্বর অর্জনকারীদের মধ্যে ট্যাবসহ মোট ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।
সিরাত অলিম্পিয়াড ’২৬-এর প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ইফতেখার আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ‘ফুটন্ত ফুল’ কেন্দ্রীয় পরিষদের সচিব মাওলানা রেজাউল মোস্তফা তানভীর আল আজহারী।
বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ আনোয়ারুল হক, অলংকার শপিং কমপ্লেক্সের সহসভাপতি মুহাম্মদ মমতাজ মিয়া, হযরত খাজা কালু শাহ (রহ.) সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিন নেছারীসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রস্তুতি কমিটির সচিব জেসান উল্লাহ পিয়াল ও বোরহান উদ্দিন শাদমান।

