ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এতিমখানার শিক্ষার্থীদের খাবার সরবরাহ, ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অভিযান—বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে সাজানো হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) পবিত্র ওরসের আয়োজন।
রবিবার (১১ অক্টোবর) মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে তাঁর ২৬ আশ্বিনের উরস শরিফ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সাত দিনব্যাপী ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মসূচি নিয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট।
কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর ফটিকছড়ির নিবন্ধিত এতিমখানাগুলোর শিক্ষার্থীদের একবেলা খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। উরসের দিন আজ ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, উপদেশমূলক প্রচার এবং অস্থায়ী শৌচাগার স্থাপনের উদ্যোগ রয়েছে। আগামীকাল ১২ অক্টোবর ভোর ৬টা থেকে হযরত কেবলার রওজা শরিফের মাঠ থেকে শান-ই আহমদীয়া গেট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
এর আগে ২ অক্টোবর কেন্দ্রীয় পর্ষদের নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিগুলোর ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকার মসজিদে খতমে কোরআন ও জুমার নামাজের পর মিলাদ মাহফিল হয়। ৩ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)-এর জীবনী ও রচনাবলি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
৬ অক্টোবর ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠান হয়। পরদিন এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতাবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্র জানায়, উরসের আনুষ্ঠানিকতা শুরু হয় ফজরের নামাজের পর রওজা শরিফ গোসল ও গিলাফ পরানোর মধ্য দিয়ে। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রাত ১২টায় গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মিলাদ মাহফিল হওয়ার কথা। এতে বিভিন্ন আলেম-ওলামা অংশ নেবেন।
ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র এবং হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)-এর জ্যেষ্ঠ পুত্র ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)।
উরস শরিফে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

