সুনামগঞ্জের দুর্গম ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সাধারণ মানুষের কাছে সরকারি আইনগত সহায়তা পৌঁছে দিতে ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) ধর্মপাশা চৌকি আদালতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিস, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসার।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
সভায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ধর্মপাশা ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় আইনজীবী সমিতির সদস্য, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীরা অংশ নেন।
সভায় দুই উপজেলার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সহজ ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ধর্মপাশা চৌকি আদালত থেকে অনলাইনে জেলা লিগ্যাল এইড অফিসে আপস-মীমাংসার আবেদন পাঠানোর ব্যবস্থা চালু এবং চৌকি আদালতের প্যানেল আইনজীবীদের সরকারি সম্মানী পরিশোধের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় স্থানীয় বাসিন্দারা ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড সেবা চালুর দাবি জানান। তাঁদের মতে, প্রতি মাসে অথবা অন্তত দুই মাসে একবার এ সেবা চালু করা হলে দুর্গম এলাকার মানুষ নিজ এলাকায় আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ স্থানীয়দের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সক্রিয় করা, অনলাইনে আবেদন গ্রহণ এবং ভ্রাম্যমাণ আইনগত সহায়তা সেবা চালু করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে ও স্বল্প ব্যয়ে সরকারি আইনগত সহায়তা পাবেন।
প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়ানোর প্রত্যয় নিয়ে সভা শেষ হয়।

