দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি পূরণ না হলে মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্বের দিক থেকে দোহাজারী অনেক আগেই উপজেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের অবহেলায় এ অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি জানান তাঁরা।
কর্মসূচি থেকে পরবর্তী আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ এবং আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়। আয়োজকেরা জানান, নিকার (NICAR) অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনকারীদের ক্ষোভের কারণ হিসেবে সম্প্রতি উপজেলা গঠনের একটি প্রস্তাবের কথা উল্লেখ করা হয়। তাদের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে শুধু সাতকানিয়ার ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রস্তাবে বিভাগীয় কমিশনারের মতামত চাওয়া হয়। তাদের দাবি, এ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্বসম্মতি ও নীতিগত সিদ্ধান্তের পরিপন্থী এবং বৈষম্যমূলক।
উল্লেখ্য, ২০১৮ সালে জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ‘দোহাজারী সাঙ্গু’ নামে নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে স্থানীয়দের ভাষ্য। তবে তাঁদের দাবি, সেই সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি।

