বাঁশখালী প্রতিনিধি >>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. হারুনুর রশিদকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানায়, ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ ওরফে আনু হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় হারুনুর রশিদ আসামি। এ ছাড়া জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান হারুনুর রশিদ। পরে তিনি মালয়েশিয়া, দুবাই ও মোজাম্বিকে অবস্থান করেন। মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে বাংলাদেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, হারুনুর রশিদ গ্রেপ্তারের খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
তিনি বলেন, হারুনুর রশিদের বিরুদ্ধে হত্যা মামলা ও ৫ আগস্টের ঘটনাসহ ৬ থেকে ৭টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

