উদ্বোধনের দুদিন না যেতেই নগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক দখল করে নিয়েছে গাড়ি। সাইকেলের জন্য তৈরি এ পথে অবৈধ পার্কিংয়ের দায়ে দুটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। জব্দ করা হয়েছে একটি গাড়িও।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইনে দুটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং বন্ধ এবং সাইকেল চালকদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।
শুক্রবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাকটির উদ্বোধন করেন। পতেঙ্গা বিমানবন্দর সড়কে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাক তৈরি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চার লেনের সড়কের এক পাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের সঙ্গে নির্মাণ করা হয়েছে আলাদা এ সাইকেল লেন। চসিকের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নের অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়।

